আমার দিনচর্যা... ১৭ই জুলাই ’২১ ;
আজ সকাল থেকে মেজাজটা বেশ ফুরফুরে।
গত রাত্রে অনেক ভেবেছি, নাহ্ আর মন খারাপ করে থাকা নয়। আমাকে খুশি রাখার দায়িত্ব সম্পূর্ণ আমার নিজের। অন্যের সঙ্গ উপভোগ করার আগে নিজের সঙ্গ নিজেকে উপভোগ করতে জানতে হয়। একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার মধ্যে কোনো ত্রুটি নেই; কিন্তু ভবিষ্যতের ভাবনায় আজটাকে অবহেলা করা সত্যিই এক্কেবারে বোকামি। প্রতিটা দিন বাঁচব, প্রতিটা ক্ষণ বাঁচব। জীবনের স্বাদ প্রতি মুহূর্তে নেব। প্রতিদিন এই যে কত কিছু শিখছি, নতুন নতুন বিষয়ে জানতে পারছি, এগুলো কি জীবনে কম প্রাপ্তি! নাহ্! আর একদম মন খারাপ নয়। কবে কী হবে তার জন্য আজ চিন্তা করে মন খারাপ করে চোখের জল ফেলার মত নির্বোধ তো আমি নই।
আজ স্কুলে বিশেষ তেমন কাজ নেই। একটা মাত্র কল্ এসেছিল। ব্যাস্, আমাদের গল্পের আসর জমে উঠেছে। গল্প বললে ভুল হবে, আসলে রূপদিকে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে শান্তিতে বাঁচতে চাওয়া আর অন্যায়কে প্রশ্রয় দেওয়া এক নয়। ছোবল না দিলেও মাঝে মাঝে ফোঁস করতে হয়।
মেয়েটা বড্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।সব কিছুর মধ্যেই শুধু সমস্যাগুলো নিয়ে ভেবে চলেছে। তবে মনের কথাগুলো প্রকাশ করতে পেরে কোথাও যেন একটু হালকা অনুভব করছে দীর্ঘদিন পর। অনেক বোঝালাম সবাই মিলে, মনটাকে শক্ত করো তুমি দুর্বল নও। অনেক গুণ আছে, শুধুমাত্র চর্চার অভাবে সেগুলোতে ধুলো জমছে; ধূসর হচ্ছে। আবার শুরু করো চর্চা; নতুন করে আবার জীবনকে দেখো। দেখবে জীবন অনেক সুন্দর রঙিন আর সম্ভাবনায় ভরা।
বড্ড প্যাচপ্যাচে একটা গরম পড়েছে। আজ মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা নেই। অদ্ভুত ভাবে বাগানের ফলন্ত লেবু গাছটা কেমন যেন আজ শুকিয়ে ঝিমিয়ে পড়েছে। কুসংস্কার না মানলেও, এই অদ্ভুত ঘটনার কোনো যুক্তিসংগত কারন ও পেলাম না।
দেখেই মন খারাপ, আর হবে নাই বা কেন ! গাছ ভরা ছোট আর মাঝারি মাপের অজস্র লেবুর সাথে ওই ঝিমিয়ে পড়া পাতাগুলোকে যেন চেয়ে দেখা যাচ্ছে না। মা-ই প্রথম দেখেছে এই ঘটনাটা। তবে গাছে জল দেওয়া ছাড়া এই সময়ে আর বিশেষ কিছু করারও নেই। দেখা যাক! ....
আজ কুকুর বিড়ালদের খাওয়ার দিয়ে, স্নান সেরে খাাওয়া দাওয়া করতে করতে দুপুর দুটো । একটা ভাতঘুম দিয়ে যখন উঠলাম, প্রায় সন্ধ্যা নামার মুখে। আজ টিউশন নেই। সন্ধ্যাটা নিজের সঙ্গে নিজে কাটালাম। বেশ ভালো লাগল। ব্লগ্ লেখার ইচ্ছে আর প্ল্যানটা বেশ অনেক দিন থেকেই মাথা চাড়া দিচ্ছিল; সেই ইচ্ছেটাকে আজ একজোড়া ডানা উপহার দিলাম। :)
@সুশি
English translation


Pore bhalo lglo..😊❤️
ReplyDelete